
কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা আলামতের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজারে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বড় চালান নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানটি সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় চালানো হয়। সেখানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র দমনে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর ও রামু সেক্টর সদর দপ্তরের তত্ত্বাবধানে ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এসব অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।